ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রড দিয়ে পিটিয়ে হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ৫ মার্চ ২০২৩
রড দিয়ে পিটিয়ে হত্যায় ১ জনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়ার রাজু কুমার সাহা হত্যা মামলায় মো. জসিম মোল্যাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।

আসামি মো. জসিম মোল্যা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মৃত মজিদ মোল্যা ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণীতে জানা যায়, মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়া নামক এলাকায় মৃত সুজিত কুমার সাহার নির্মাণাধীন বাড়িতে ২০২১ সালের ২ জানুয়ারি রাতে বাড়ির নির্মাণ শ্রমিক মো. জসিম মোল্যা তার সঙ্গে থাকার কথা বলে রাজু কুমার সাহাকে ওই বাড়িতে নিয়ে যান। এরপর তাকে লোহার রড দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করেন। এ সময় রাজুর সঙ্গে থাকা দুটি সোনার আংটি, সোনার ব্রেসলেট ও একটি মোবাইল নেন। পরে রাজুর লাশ শ্রমিকদের ব্যবহৃত টয়লেটের ভেতরে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত রাজুর মা অরুণা সাহা ৪ জানুয়ারি মধুখালী থানায় জসিমসহ অপর তিন শ্রমিকের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ২৫ মার্চ জমিসকে আসামি করে চার্জশিট আদালতে দাখিল করে মধুখালী থানা পুলিশ।

মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে রোববার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত রায় ঘোষণা করেন।

ফরিদপুরের জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. নওয়াবউদ্দিন মৃধা জানান, আসামি জসিমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!