মা-মেয়েকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার দুপুরে দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ুন কবির ও মাহবুব আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রবিউল ইসলাম।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে কুমারপাড়ার নাসিরুদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ও তার মেয়ে নিলাকে জমি-সংক্রান্ত বিরোধের জেরে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান আসামিরা। পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন নাসিমার বাবা তৈমুর রহমান। তবে হত্যাকাণ্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।
এদিকে, মামলা চলাকালে এক আসামির মৃত্যু হয়েছে। বাকি পাঁচ আসামির মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন আদালত।