ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৭ মার্চ ২০২৩
ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২
সাজাপ্রাপ্তদের কারাগারে নেয়া হচ্ছে- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় আনিছুর রহমান নামে এক কীটনাশক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনের ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তসলিম উদ্দিন ওরফে তছু বগুড়ার শেরপুর উপজেলার চন্ডেশ্বর গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- শেরপুর উপজেলার ছোট টুনিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলীম এবং একই উপজেলার চন্ডেশ্বর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন। এছাড়া নিহত আনিছুর রহমান চন্ডেশ্বর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। আনিছুর রহমান পেশায় কীটনাশক ব্যবসায়ী ছিলেন। ঐ উপজেলার আলতাদিঘী গ্রামের বোর্ডের হাট তিনমাথা মোড়ে মেসার্স আঁখি ও রাফি ট্রেডার্স নামে কীটনাশকের দোকান ছিল তার।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. নাছিমুল করিম হলি। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১৭ সালের ১২ জুন দুপুরে আনিছুরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে ধারালো অস্ত্রের আঘাত ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একইদিন রাতে তার মৃত্যু হয়। পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটি। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।

তিনি আরো জানান, এই রায়ে বাদীপক্ষের লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!