মঙ্গলবার রাত ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়ালগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, রাতে আতিয়ার রহমানের স্ত্রী রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সবগুলো ঘরে। পুড়ে যায় তিনটি ঘরে থাকা লেপ কাঁথা, চাল ডালসহ অন্যান্য জিনিসপত্র। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে যায়।
.png)
কৃষক আতিয়ার রহমান বলেন, আমার স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। গতকালই আমার একমাত্র সম্বল একটি গরু বিক্রি করেছিলাম ৫৫ হাজার টাকায়। সেই টাকা ঘরেই ছিল। কয়েকদিনের মধ্যেই আরেকটি গরু কেনার কথা ছিল।
বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মইন উদ্দীন জানান, ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঐ কৃষকের তিনটি ঘরে থাকা সবকিছুর সঙ্গে থাকা টাকাও পুড়ে গেছে।
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি সাহায্য সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে।