ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছিন্নভিন্ন মায়ের শরীর, অক্ষত সন্তান
চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক নারী। মুহূর্তেই শরীর ছিন্নভিন্ন হয়ে মারা যান নাজমা বেগম নামের ঐ নারী। তবে অক্ষত ছিল শিশু সন্তান জাহিদ।
গত বুধবার (৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পশ্চিম হিংগুলী এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নাজমা জোরারগঞ্জের জয়নগর গ্রামের নুরুল হকের মেয়ে। তার স্বামীর নাম অপু মিয়া।
রেললাইনে শিশুটিকে পড়ে থাকতে দেখেন আশরাফুল নামে এক ব্যক্তি। তিনি বলেন, প্রথম দেখে মনে হয়েছিল, শিশুটি আর বেঁচে নেই। তবে কোলে নিতেই সে কেঁদে ওঠে। পরে শিশুটিকে চিকিৎসকের কাছে নেয়ার ব্যবস্থা করি। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
.png)
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসছিল মহানগর প্রভাতী। মীরসরাই জোরারগঞ্জ ক্রস করার সময় নাজমা বেগম দেড় বছরের ছেলেকে কোলে নিয়ে চলন্ত ট্রেনটির নিচে ঝাঁপ দেন। পারিবারিক কলহের জেরে সন্তান নিয়ে হয়তো আত্মহত্যা করেছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, এ ঘটনার পর ওই নারীর স্বামী বা বাবা কোনো অভিযোগ করেননি। তাই অপমৃত্যুর মামলা হয়েছে। আর শিশুটিকে তার নানার হাতে তুলে দেওয়া হয়েছে।