রোববার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এর আগে, একই দিন দিবাগত রাতে উপজেলার রামপুর ইউনিয়নের তজু কোম্পানির প্রজেক্ট এলাকা থেকে অপহৃতদের উদ্ধার এবং অপহরণকারী মাসুদকে গ্রেফতার করা হয়।
.png)
উদ্ধারকৃতরা হলেন, উপজেলার রামপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন রাজ্জাকের বাড়ির মৃত মজিবুল হকের ছেলে ব্যবসায়ী মাহফুজ আলম (৫৩), চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইদ্রিছ স্বর্ণকার বাড়ির মৃত নুর আলম স্বর্ণাকারের ছেলে আবদুল হক হারুন (৫৫) ও তার ছেলে ইসমাইল হোসেন রিপন (৩৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ মার্চ রাতে ব্যবসায়ী মাহফুজ আলম তার অটোরিকশা গ্যারেজ থেকে আরো দু’জনসহ সিএনজি করে বাড়ি বাড়ি ফিরছিলেন। এ সময় সিএনজি অটোরিকশা উপজেলার টেকের বাজার এলাকায় গেলে তাদেরকে জিম্মি করে ফারুক ইসলাম লাভলু (২৭) ও ইসমাইল হোসেন মিরণের (৩৪) নেতৃত্বে তাদের অপহরণ করা হয়। একপর্যায়ে অপহৃত মাহফুজ আলমের শ্যালক শামীমের কাছে মুঠোফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভিকটিমের স্ত্রী রোববার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রামপুর ইউনিয়নের তজু কোম্পানির প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী মাহফুজ আলম, আবদুল হক হারুন ও ইসমাইল হোসেন রিপনকে উদ্ধার করেন। এ সময় অপহরণকারী চক্রের সদস্য মমিনুল হক মাসুদকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।