২ মামলায় আসামি ২১১ জন, প্রধান শিক্ষকসহ গ্রেফতার ১১
কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ২ মামলায় ২১১ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতেই প্রধান শিক্ষকসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পুরো এলাকা থমথম বিরাজ করছে।
জানা যায়, বুধবার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে প্রধান শিক্ষক তার কক্ষে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে দ্বিতীয় দফায় সকাল ১০টায় ওই ছাত্রীর শ্রেণি কক্ষে গিয়ে তিনি একই ঘটনা ঘটান। ওই ঘটনার পর ছাত্রীর সহপাঠিরা তাকে নিয়ে তার বাবার কাছে ঘটনার বর্ণনা দেন। ঘটনাটি জানাজানির পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে রাখেন।
এ সময় ওই শিক্ষককে রক্ষার জন্য বহিরাগত কিছু লোক এসে ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালান। এ হামলায় অন্তত ৮-১০ জন শিক্ষার্থী আহত হন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পরে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী।
খবর পেয়ে বুধবার বিকেলে দেবিদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এ সময় পুলিশও অবরুদ্ধ হয়ে পড়েন এবং রাতে স্কুল ক্যাম্পাসের সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যায় বিক্ষোভকারীরা বিদ্যালয়ে ভাঙচুর ও ইটপাটকেল মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ, সাউন্ডগ্র্যানেড নিক্ষেপ ও রাবার বুলেট ছুড়লে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
অপরদিকে পুলিশের ওপর হামলা, পুলিশের কর্তব্য কাজে বাঁধা দানের ঘটনায় দেবিদ্বার থানার উপপরিদর্শক মুক্তার আহমেদ মলি বাদী হয়ে এজাহারভূক্ত ১০ জন ও অজ্ঞাত ১৫০-২০০ জনসহ ২১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।