ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে হামলা, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২, ১৯ মার্চ ২০২৩
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে হামলা, নিহত ১
নারায়ণগঞ্জ জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলার আসামিকে গ্রেফতারে র‌্যাবের অভিযানে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার রাত দেড়টার দিকে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউপির বরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় হুমায়ুন কবির (৪৩) নামে এক ব্যক্তিসহ র‌্যাবের ৪ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

র‌্যাবের দাবি হত্যা- মামলার আসামিকে ধরতে গেলে এলাকার মসজিদে ডাকাত ঘোষণা দিয়ে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। 

Advertisement

নিহত আবুল কাশেম ওই এলাকার প্রয়াত কদম আলীর ছেলে। তিনি পেশায় একজন বাঁশ বেতের হস্তশিল্পী। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে। 

র‌্যাব জানায়, একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতারে সোনারগাঁয়ের বরগাঁওয়ে অভিযানে যান র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় আসামি ছিনিয়ে নিতে তাদের ওপর হামলা করলে তারা প্রথমে প্রতিহত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি খারাপের দিকে গেলে র‌্যাব লাঠিচার্জ করে। তবে আবুল কাশেম কীভাবে মারা গেছেন এই বিষয়ে তারা নিশ্চিত নয়। 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোশাররফ হোসেন জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কাশেম নামে এক বৃদ্ধকে এখানে নিয়ে আসা হয়। প্রথমিক স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় তিনি মৃত। নিহতের পেটে নাভির ওপরের অংশে একটি গুলির চিহ্ন দেখা গেছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, সোনারগাঁয়ে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে শুক্রবার। এ ঘটনার মূল সন্দেহভাজন আসামি সেলিমকে আটক করতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটক করে নিয়ে আসার সময় র‌্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র‌্যাব বাধা দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে আসামিকে আটক করে আমরা নিয়ে আসি। শনিবার সকালে আমরা জানতে পারি একজন মারা গেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন তা আমরা নিশ্চিত না।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, সোনারগাঁয়ের বরগাঁও এলাকায় গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!