ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মাদারীপুরে সড়ক দুর্ঘটনা

খুলনার ৩ যাত্রীর সন্ধান মেলেনি 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ১৯ মার্চ ২০২৩
খুলনার ৩ যাত্রীর সন্ধান মেলেনি 
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে খুলনার ৯ যাত্রীর মধ্যে তিনজনের সন্ধান মিলছে না। তারা হলেন আবিদ, আশরাফুজ্জামান লিংকন ও মহাদেব।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ পরিবহনের খুলনা রয়্যাল মোড়ের কাউন্টার মাস্টার শরীফ আল মামুন।

তিনি বলেন, ভোর ৪ টা ৫৫ মিনিটে চার যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের ২০৩ নম্বর কোচ সোনাডাঙ্গা উপজেলায় যায়। সেখান থেকে আরও পাঁচ যাত্রী নিয়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে সকালে ৮টার দিকে মাদারীপুর শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয় পরিবহনটি।

কাউন্টার মাস্টার শরীফ আরো বলেন, সকালে ছয় যাত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তবে তিন যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এছাড়া চালক ও সুপারভাইজারেরও কোনো সন্ধান মেলেনি।

ওই বাসে থাকা রয়্যাল মোড়ের যাত্রী ফয়সালের মোবাইল নম্বরে ফোন দিলে একজন অ্যাম্বুলেন্স চালক বলেন, ‘মোবাইল ফোনের মালিক গুরুতর আহত হয়েছেন। কোনো কথা বলতে পারছেন না। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নেয়া হচ্ছে। তার অবস্থা তেমন ভালো নয়।’ এ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সোনাডাঙ্গা থেকে ওঠা ইমাদ পরিবহনের অপর যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘বেঁচে আছি এবং সুস্থ আছি।’

নিখোঁজ যাত্রী আসফাকুজ্জামান লিংকনের বড় ভাই বিংসাম বলেন, ‘আমরা খুলনার বাসিন্দা। কাজের সুবাদে রাজবাড়িতে থাকতে হয়। ছোট ভাই একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তাকে ঢাকা ও খুলনায় থাকতে হয়। আজ সকালে তার ঢাকায় আসার কথা। তার সঙ্গে যোগাযোগ করার শত চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!