পাবনায় কুকুরের কামড়ে শিশুসহ আহত অর্ধশত মানুষ
পাবনার সাঁথিয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৮টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত সাঁথিয়া পৌরসদরের পিপুলিয়া, নওয়ানী, ফকিরপাড়া, কালাইচাড়া, পূর্বভাবানীপুরসহ বেশ কয়েকটি গ্রামে।
জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে একটি কুকুর এসে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ যাকে সামনে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছিলেন। কুকুরটিকে ধরার চেষ্টা করেও কেউ ধরতে পারেনি। এভাবে ওই কুকুর বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক মানুষ ও বেশকিছু গরু-ছাগলকে কামড় দিয়ে আহত করেন।
.png)
সাঁথিয়া হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, এ রকম ঘটনা সচারচর হয় না। বিষয়টা হঠাৎ করে হওয়ায় এ জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছে। উপজেলা পরিষদের অনুদানের টাকা দিয়ে ভ্যাকসিন কিনে তবে আমরা সবাইকে চিকিৎসা দিয়েছি। শুধু একজন রোগীকে আমরা ভর্তি করেছি। বাকিদেরকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক ফারুক হোসেন জানান, কুকুরে বেশ কয়েকটি গরু-ছাগলকে কামড় দিয়ে আহত করেছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ইউএনও মাসুদ হোসেন জানান, ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদের রোগী কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে ভ্যাকসিন সংগ্রহ করে রোগীদের সেবা দিতে। কেউ যেনো সেবা থেকে বঞ্চিত না হয়। সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।