পুকুর খননে মিলল কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি
রাজশাহীর দুর্গাপুরে পুকুর খননের সময় ৪০ কেজি ওজনেরও বেশি একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পুকুর থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে গোপালপুর গ্রামের রাশেদুল হক মাস্টারের জমিতে পুকুর খননের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে খননের একপর্যায়ে মাটির সঙ্গে মূর্তিটি উঠে আসে। পরে মূর্তিটি নিয়ে যায় পুলিশ।
দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরো বলেন, এটি অনেক প্রাচীন ও পাথরের তৈরি মূর্তি। ধারণা করা হচ্ছে, মূর্তি ওজন ৪০ কেজি বা তারও বেশি হবে। আমরা এই মূর্তিটি হস্তান্তরের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তারাই পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, প্রথমে ঐ এলাকা থেকে মূর্তি উদ্ধারের খবর পাই। পরে আমি ও থানার ওসিসহ মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসি। মূর্তিটি থানা হেফাজতে রয়েছে। নিয়ম মাফিক মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।