সাঙ্গুতে নৌকা ডুবি, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে বালুবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বালু শ্রমিক আব্দুল হামিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।
আব্দুল হামিদ ঐ উপজেলার চরতি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিসের সাতকানিয়া স্টেশনের সিনিয়র অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, বুধবার নদীতে জোয়ার থাকায় উদ্ধার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সাতকানিয়া ফায়ার সার্ভিসের আটজন ও আগ্রাবাদের পাঁচজনের ডুবুরি দল বালু শ্রমিককে উদ্ধারে সাঙ্গু নদীতে অভিযান শুরু করে। অভিযান শুরুর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতকানিয়া থানার এসআই মুমিন হোসেন বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বুধবার বিকেলে ঝড়ের কবলে পড়ে সাঙ্গু নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ হন আব্দুল হামিদ। সাতকানিয়া উপজেলার আমিলাইষ চর অঞ্চলে এ ঘটনা ঘটে।