মেঘনায় নৌ-পুলিশের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌ-পুলিশের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৪টি নৌ-যানকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের ভৈরব মেঘনা নদীর ওপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌ-যানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নৌ-পুলিশের দিনব্যাপী অভিযানে এ সময় নেতৃত্ব দেন নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির ভূঁইয়া ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ। ভৈরব নৌ-পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমানসহ নৌ-পুলিশের অন্যান্য সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
.png)
জানা যায়, ভৈরব ও আশুগঞ্জ মেঘনা নদীর ওপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের অনিবন্ধিত নৌ-যানসহ রোড পারমিট না থাকায় এবং অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ২৪টি নৌ-যানকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ। এ সময় নৌ-আইন মানতে চালক ও সহযোগীদের সচেতন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূঁঞা বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত আইজি ও কিশোরগঞ্জ পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে সোমবার মেঘনা নদীতে অভিযান চালান নৌ-পুলিশ। দিনব্যাপী এ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪টি নৌ-যানকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।