মঙ্গলবার দুপুরে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, সোমবার রাতে রাজধানী ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের হোসেন সদ্দারের ছেলে আব্দুল মাবুদ এবং আব্দুল মতলেব।
পূর্ব বিরোধের জেরে গত ১৫ মার্চ সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামে ইউপি সদস্য কাজল হোসেনকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে স্বজনরা কাজলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে গত ১৬ মার্চ ভোরে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়। এ ঘটনায় কাজলের ভাতিজা শামিম হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১২ এর সদস্যরা আসামিদের গ্রেফতারের জন্য নজরদারি শুরু করেন।
.png)
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ঢাকায় পলাতক আসামিদের গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করে। সোমবার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ ও কল্যাণপুর এলাকা তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল হোসেন হত্যাকাণ্ডে তাদের সক্রিয় অংশ গ্রহণের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বিকেলে তাদের দৌলতপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।