ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজ্ঞাপন দিয়ে তান্ত্রিক সেজে প্রতারণা করতেন তারা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ৫ এপ্রিল ২০২৩
বিজ্ঞাপন দিয়ে তান্ত্রিক সেজে প্রতারণা করতেন তারা
গ্রেফতারকৃত আসমানি বেগম শীতা রানী ও তার মেয়ে শিউলি বেগম

সাভারের অমরপুরে বিজ্ঞাপন দিয়ে পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাসে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই নারী তান্ত্রিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার ভোরে সাভারের অমরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- সাভারের বেদে পল্লির ছোট অমরপুর এলাকার মৃত আব্দুল সামাদের মেয়ে ও তোরাব আলীর স্ত্রী আসমানি বেগম শীতা রানী ও তার মেয়ে শিউলি বেগম। 

ডিবি পুলিশ জানায়, আসমানি বেগম শীতা রানী ও তার মেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজ্ঞাপন দিয়ে তান্ত্রিক সেজে প্রতারণা করতেন। তাদের প্রতারণার শিকার প্রভাত চন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি। প্রভাত বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে পারিবারিক সমস্যা সমাধানের জন্য সাহায্য চান। বিনিময়ে তার থেকে আসামিরা টাকা দাবি করেন। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিভিন্ন তারিখে ৩ লাখ ৯৭ হাজার ২৫০ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো কাজ করেননি তারা। উল্টো মহিষ কেনার কথা বলে আরো ৩ লাখ ৩৫ হাজার টাকা দাবি করেন। পরে চলতি বছরের গত ১১ জানুয়ারি সাভার মডেল থানায় মামলা করেন তিনি। 

Advertisement

মামলা প্রাথমিকভাবে থানা পুলিশ তদন্ত করলেও পরে ডিবি পুলিশের ওপর তদন্ত ভার দেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। পরে ভোর রাতে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব খানের তত্ত্বাবধানে ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে অভিযান চালান এসআই আনোয়ার হোসেন। অভিযানকালে আসামিদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আসামিরা প্রতারণার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!