হাসপাতালের ডাস্টবিনে মিলল ফুটফুটে নবজাতক
বুধবার সকাল ৭টা। ওই সময় হঠাৎ ডাস্টবিন থেকে ভেসে আসে শিশুর কান্নার আওয়াজ। পরে স্থানীয়রা গিয়ে দেখল জীবিত এক নবজাতক। এরপর ডাস্টবিন থেকে সদ্যোজাত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালে।
জানা যায়, সকালে হাসপাতালের ডাস্টবিনে শিশুর কান্নার আওয়াজ পায় স্থানীয়রা। পরে ডাস্টবিন থেকে সদ্যোজাত এক জীবিত নবজাতককে উদ্ধার করে পুলিশ। বর্তমানে ওই নবজাতককে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।
তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো.আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।
.png)
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালে পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
সুধারাম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নিতে চাচ্ছেন।