বরিশাল নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাজার স্বাভাবিক রাখতে ও পণ্যের মান নিশ্চিত করতে বরিশাল নগরীর সদর রোড, কাকলির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
.png)
জানা যায়, পণ্যের দাম শতভাগ বেশি রাখায় নগরীর বিবির পুকুর পাড়ে আর্ট ফ্যাশন হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে না দেওয়া, পণ্যের গুণগত মান ঠিক না রাখা, অতিরিক্ত দামে বিক্রি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আরো তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল ১০ এপিবিএনের একটি টিম।
সহকারী পরিচালক সুমী রানী মিত্র বলেন, আমাদের বাজার তদারকি অভিযান অব্যহত রয়েছে। রমজানকে কেন্দ্র করে অযথা কেউ মূল্যবৃদ্ধি করবে তা হতে দেওয়া হবে না।
ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোনো ঘটনা ঘটলে প্রমাণসহ লিখিত অভিযোগে অবগত করুন বা ১৬১২১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।