ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড় ধস: উদ্ধারকাজে সর্বোচ্চ ব্যবস্থা নিতে চসিক মেয়রের আহ্বান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৭ এপ্রিল ২০২৩
পাহাড় ধস: উদ্ধারকাজে সর্বোচ্চ ব্যবস্থা নিতে চসিক মেয়রের আহ্বান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ঘটনার পর সন্ধ্যায় উদ্ধার অভিযান তদারকি করেন তিনি।

এ সময় রেজাউল করিম চৌধুরী বলেন, দুঃখজনক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল। হতাহতদের উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আমি সব সেবা সংস্থার দায়িত্বশীল ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছি, যেন এ ঘটনায় হতাহতদের চিকিৎসাসহ অন্যান্য সেবায় কোনো ঘাটতি না হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এ দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনবো।

উৎসুক জনতাকে ঘটনাস্থলে ভিড় না জমানোর অনুরোধ জানিয়ে মেয়র বলেন, উদ্ধার কার্যক্রম সফল করতে আমি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি। বিএম ডিপোর ঘটনায় অযথা ভিড় জমানোর কারণে হতাহতের পরিমাণ বেশি ছিল। এ কারণে অতীত অভিজ্ঞতার আলোকে সাধারণ জনতাকে অনুরোধ করছি আপনারা অপ্রয়োজনে ঘটনাস্থলে ভিড় করবেন না। দায়িত্বশীলরা কাজ করছে তাদের সহযোগিতা করুন এবং হতাহতদের জন্য প্রার্থনা করুন।

Advertisement

এ সময় চসিকের পক্ষে কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, জহর লাল হাজারী, ফায়ার সার্ভিস, আকবরশাহ থানা পুলিশসহ সংশ্লিষ্টদের উদ্ধারকাজ সমন্বয়ে দিক-নির্দেশনা দেন মেয়র।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!