ঘরে ফিরেই মা দেখলেন আড়ার সঙ্গে ঝুলছে রাবিনা
ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাবিনা আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউপির কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাবিনা আক্তার ওই গ্রামের মনজু খানের মেয়ে ও স্থানীয় রাজাপুর পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, রাতে রাবিনাকে ঘরের মাচা থেকে কাঠ নামাতে বলেন তার মা শাবানা বেগম। এরপর শাবানা বেগম বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের বাইরে থেকে রাবিনাকে ডাক দেন তিনি। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন আড়ার সঙ্গে ঝুলছে রাবিনা। পরে স্থানীয়রা এসে রাবিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান বলেন, শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।