কাঁদাপানিতে পোঁতা ছিলো বৃদ্ধ ও গরুর মাথা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ব্রিজের নিচে কাদাঁপানিতে অর্ধেক মাথা পুঁতে রাখা অবস্থায় বাজিত আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বৃদ্ধের পাশে মাথা পুঁতে রাখা অবস্থায় মৃত একটি গরু উদ্ধার করা হয়েছে। এদিকে, এ ঘটনায় পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা ব্রিজের নিচে ওই বৃদ্ধ ও মৃত গরু উদ্ধার করেছে পুলিশ। নিহত বাজিত আলী তারাকান্দা দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে। তিনি মুরগি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে দুটি গরু নিয়ে বাড়ি থেকে বের হন বাজিত। এর ঘণ্টাখানেক পর একটি গরু একা একাই দৌড়ে বাড়িতে ফিরে যায়। বাড়ির লোকজন মনে করে কিছুক্ষণ পর হয়তো বাজিত আলী অপর একটি গরু নিয়ে বাড়িতে ফিরবে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও বাজিত আলী বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজতে বের হয়। কিন্তু কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি। পরে সন্ধ্যার পরে ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা বাজারে উঠার আগে ব্রিজের নিচে একটি মরদেহ ও গরু মৃত অবস্থায় আছে এমন খবর ছড়িয়ে পড়ে। এমন খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাজিত আলী ও গরুর মাথা কাঁদাপানিতে পুঁতে রাখা অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
তারাকান্দা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, বাজিত আলীর মাথা অর্ধেক ও তার পাশে গরুর মাথা কাঁদাপানিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে। হত্যার পর মাথা পুঁতে রাখা হয়েছে কিনা বিষয়টি বোঝা যাচ্ছে না। তবে, বৃদ্ধের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
তিনি আরো বলেন, সোমবার মরদেহ মযনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্তের পর মূল ঘটনা যাবে।