ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৪ ইঞ্চির বাছুর দেখতে ভিড় 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ১০ এপ্রিল ২০২৩
১৪ ইঞ্চির বাছুর দেখতে ভিড় 
১৪ ইঞ্চি উচ্চতার বাছুর

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১৪ ইঞ্চি উচ্চতার একটি বাছুরের জন্ম হয়েছে। ১২ কেজি ওজনের বাছুরটিকে দেখতে প্রতিদিনই উপজেলার চরকাজল ইউপির চরশিবা গ্রামের কৃষক সাখাওয়াত মাতুব্বরের বাড়িতে ভিড় করছেন মানুষজন।

বাছুরটি দেখতে ছাগল ছানার থেকে সামান্য একটু বড়। বাছুরটিকে চিড়িয়াখানায় বা প্রাণিসম্পদ গবেষণার কাজে দিতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন সাখাওয়াত।

স্থানীয়রা জানায়, সাধারণত দেশি জাতের বাছুর প্রসবের সময় ওজন হয় গড়ে ২৫-৩০ কেজি। উচ্চতা থাকে ২৫-৩৩ ইঞ্চি। গাভি গর্ভধারণের ৯ মাস ১০ দিন পরে বাছুরে জন্ম হয়। কিন্তু সাখাওয়তের দেশি জাতের গাভি সঠিক সময়ের একমাস আগে গত ২৫ মার্চ বাছুরটি প্রসব করে।

Advertisement

কৃষক সাখাওয়াত বলেন, আমার দেশি জাতের গরুটি এই বাছুর প্রসব করে। এর আগেও ওই গাভিটির আরো একটি বাছুর হয়েছিল। তার মধ্যে একটি মারা গেছে। তবে দুটি বাছুরই স্বাভাবিক আকারের হয়েছিল। যেটি বেঁচে আছে তার কোনো সমস্যা নেই। এবার গাভিটি আরো একটি বাছুর জন্ম দিয়েছে। তবে এই বাছুরটি অনেক ছোট।

তিনি আরো বলেন, এমন ছোট বাছুর আমি আগে দেখিনি। বাছুরটি এতোই ছোট যে সে তার মায়ের দুধ খেতে পাচ্ছে না। আর গরুটিও তার বাছুরটিকে মেনে নিচ্ছে না। কাছে গেলেই লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছে। এ কারণে গাভিটির দুধ ফিডারে ভরে বাছুরটিকে খাওয়াতে হচ্ছে। গাভিটিকে সুস্থ ও স্বাভাবিক রাখতে প্রতিদিন চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, আমি এই বাছুরটি চিড়িয়াখানা অথবা প্রাণিসম্পদ গবেষণার কাজে দিতে চাই।

চরশিবা গ্রামের কৃষক জসিম শিকদার বলেন, বাছুটি দেখলে মনে হবে এটি একটি ছাগল ছানা। এতো ছোট বাছুর আর কখনো দেখিনি। বাছুরটির ছোটাছুটি দেখতে ভালোই লাগছে।

যুবক শামসু মিয়া বলেন, বাছুরটি দেখতে এখানে এসেছি। দেখতে বেশ ভালোই লেগেছে। বাছুরটির সঙ্গে কয়েকটা ছবিও তুলেছি।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল জানান, এটি কি জাতের বাছুর সেটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে প্রাণিসম্পদ অফিসের সঙ্গে কথা বলে এটির রেকর্ডে রাখা যায় কি-না সেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!