কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে প্রতারণা, গ্রেফতার ১
‘আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি রিফাত মাহমুদ বলছি। আমরা বাংলালিংক থেকে ফোন করেছি, এ নম্বরটি কি আপনি ব্যবহার করেন না আপনার পরিবারের অন্য কেউ ব্যবহার করেন?, আপনি নম্বরটি ব্যবহার করে গত মাসে বা চলতি মাসে আমাদের অফিস থেকে ২০০ বা ৩০০ টাকার কোনো বোনাস পেয়েছেন?’
‘আপনি বাংলালিংকের যে নম্বরটি ব্যবহার করছেন, সে কোম্পানির ১২ বছর নের্টওয়ার্ক সার্ভিস উদ্যাপনে ১ লাখ ৬৫ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন আপনি। পুরস্কারটা পেতে যাচ্ছেন শুধুমাত্র কোম্পানির নম্বর ব্যবহার করার জন্য। আপনি পুরস্কার পাবেন কখন, কোথায় পাবেন ... এ নম্বরে ফোন করুন।’
এভাবেই লটারির মাধ্যমে পুরস্কারের পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিসা সোনাপুর গ্রামের নাসির উদ্দীন (২৭)।
.png)
গতকাল ১০ এপ্রিল সোমবার বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। এ সময় তার সহযোগী ফজর আলী (২০) মোবাইল ফেলে পালিয়ে যান।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মনিরুজ্জামান খান জানান, একটি চক্র বাংলালিংক কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয়ে লটারির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তার এক সহযোগী পালিয়ে গেছেন, তাকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।