মঙ্গলবার দুপুরে জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের নয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারীরা হলেন মুকসুদপুর উপজেলার পশারগাতী গ্রামের দেলোয়ার শেখের ছেলে নিজাম শেখ (২৫), তার ভাই মেহেদী শেখ (২২), মাদারীপুর সদর উপজেলার ফেরদৌস (৩৫) এবং গাজীপুরের টঙ্গী এলাকার জাহাঙ্গীর আলম (৩২)।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কাশিয়ানী উপেজলার রাহুথড় বাজার থেকে মোবাইল ব্যাংকিং সেবা নগদের সেলসম্যান ইমদাদুল হককে মোটরসাইকেল থেকে নামিয়ে ছিনতাইকারীরা ধরে প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে তাদের ধাওয়া করলে তারা দ্রুত প্রাইভেট কার নিয়ে স্থান ত্যাগ করার সময় মুকসুদপুর উপজেলার নয়াকান্দি এলাকা থেকে জনতা তাদের আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মুকসুদপুর থানার এসআই মো. মোসলেমউদ্দীন ও এসআই শাহারিয়ার ফোর্স নিয়ে তাদের আটক করেন।
মোবাইল ব্যাংকিং সেবা নগদের মুকসুদপুর ব্রাঞ্চ ম্যানেজার মারুফ শেখ জানান, কম্পানির সেলসম্যান ইমদাদুল হককে চার লাখ টাকাসহ ছিনতাইকারীরা তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে। কিন্তু তার কাছে থাকা টাকা পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, ‘নগদ’-এর সেলসম্যান কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার বিভিন্ন বাজারের এজেন্টদের নিকট টাকা বিতরণ করার সময় ছিনতাইকারীরা তাকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ চার ছিনতাইকারীকে আটক করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।