ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ১৩ এপ্রিল ২০২৩
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউপির রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঐ উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে সেলিম, মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার আদিলের স্ত্রী অঞ্জনা আক্তার, পটিয়া উপজেলার খরনখাইন এলাকার বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে, দোলতপুর এলাকার করিম ও কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার আবু ফয়েজ। আহতের নাম মো. জলিল। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি শহরের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-বোয়ালখালী আঞ্চলিক সড়কের রায়খালী এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত হন। আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

Advertisement

বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নেত্রকোণা থেকে বোয়ালখালীতে দরবারের মাহফিলে এসেছিল বাসটি। বৃহস্পতিবার সকালে বোয়ালখালী ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!