ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেলে জরিমানা করতে গিয়ে ধরা ভুয়া সিআইডি কর্মকর্তা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ১৩ এপ্রিল ২০২৩
হোটেলে জরিমানা করতে গিয়ে ধরা ভুয়া সিআইডি কর্মকর্তা
আটককৃত রুবেল মিয়া

নীলফামারীর কিশোরগঞ্জে হোটেলে জরিমানা করতে গিয়ে ভুয়া সিআইডি কর্মকর্তা রুবেল মিয়া নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড মোড়ের একটি খাবারে হোটেল থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী কিশামত এলাকার হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড মোড়ের আইয়ুব আলীর খাবার হোটেলে ঢুকেন রুবেল মিয়া। সেখানে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হোটেল মালিকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এতে হোটেল মালিক এবং হোটেলে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে তার কাছ থেকে সিআইডির ভুয়া জুনিয়র অফিসারের আইডি কার্ড, স্ট্যাম্পের ফটোকপি ও দুটি মোবাইল জব্দ করে তাকে থানায় নিয়ে যায়।  

Advertisement

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, বুধবার রাতে রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!