জাটকা ধরায় ১০ জেলের কারাদণ্ড
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১২ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এর মধ্যে ১০ জেলেকে ১ মাস করে কারাদণ্ড এবং ২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এর আগে শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টাস্কফোর্স।
অভিযান শেষে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিক।
.png)
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- জাহাঙ্গীর বেপারি (৩০), মো. আলমগীর (২৫), মাইনুদ্দীন (৩৬), মনসুর (২৯), আবুল সরদার (৫০), আক্কাছ আলী প্রধানিয়া (৩৫), সুমন পাটওয়ারী (২৩), আবুল হোসেন (২৩), মো. সালমান (৩০), জাহাঙ্গীর (৪৫)।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় ৪০ হাজার মিটার কারেন্টজাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। রাতেই জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড স্টেশন এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড হেফাজতে রয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।