ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র তাপদাহ, মাইকিং করে সতর্ক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৯ এপ্রিল ২০২৩
তীব্র তাপদাহ, মাইকিং করে সতর্ক
ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি মৌসুমে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বৃদ্ধি পেয়েছে তীব্র তাপদাহ। আর তীব্র তাপদাহে অস্থির হয়ে পড়েছে জনজীবন। গত তিন দিন ধরে এ উপজেলার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। 

সর্বশেষ বুধবার দুপুর ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েক দিনের তুলনায় ২ ডিগ্রি কম। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। 

বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। চলমান তাপদাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া নিমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকরা। তীব্র রোদে মাঠে কাজ করতে পারছে না কৃষকরা।  

Advertisement

এদিকে দুপুরে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্রজাই মারমা। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং করে এ সতর্ক করা হয়। 

মাইকিংয়ে বলা হচ্ছে সারা দেশের ন্যায় এখানেও তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত দিনের বেলায় এ তাপদাহে বিশেষ করে শিশু ও বয়স্করা যাতে বাইরে বের না হয়। তাছাড়া দেশে পর্যাপ্ত বিদুৎ উৎপাদন হওয়া সত্বেও তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাময়িক লোড শেডিং হচ্ছে। এ ক্ষেতে সবাইকে গুজবে কান না দিতে প্রশাসনের পক্ষ থেকে  বলা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্রজাই মারমা বলেন, এ উপজেলার সব স্থানে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। তারা যেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হয়। সন্ধ্যার পর শরবত, পানি ও ফলমূল বেশি বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!