৪০ ফুটের সেপটিক ট্যাংকে ১৭০ কেজির ষাঁড়, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
৪০ ফুট গভীরতার অরক্ষিত সেফটিক ট্যাংকিতে পড়ে আটকে যায় একটি ষাঁড় গরু। গরুর মালিক ও প্রতিবেশীরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে অক্ষত ও জীবিত অবস্থায় ষাঁড়টি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। এতে গরুর মালিক ও প্রতিবেশীসহ সবার মুখে হাসি ফুটে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামে।
পলাশ ফায়ার সার্ভিস জানায়, কুমারটেক এলাকায় দুই বাড়িতে চলাচলকারী রাস্তার মাঝে পাতলা টিন দিয়ে একটি সেপটিক ট্যাংক অরক্ষিত অবস্থায় রাখা ছিলো। বেলা ১১টায় প্রায় ১৭০ কেজির একটি ষাঁড় গরু যাওয়ার সময় ওই ট্যাংকের ভেতরে পড়ে যায়। এ অবস্থায় গরুর মালিক সুমনসহ প্রতিবেশীরা চেষ্টা করেও গরুটিকে উদ্ধার করতে পারেননি।
.png)
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ষাঁড়টিকে একটি রশির মাধ্যমে বেঁধে আর পাইপের মাধ্যমে ট্যাংকিতে পানি দিয়ে ধীরে ধীরে তাকে অক্ষত ও জীবিত অবস্থায় উপরে উঠিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রতিবেশী আল-আমিন বলেন, সুমন মিয়া চাকরির পাশাপাশি ষাঁড় গরু পালন করেন। আজ তার গরুটি সেপটিং ট্যাংকিতে পড়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।
পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাদিউল ইসলাম বলেন, আজ একটি গরুটি পড়ে আটকে ছিলো, এখানে অন্য কেউও পড়ে যেতে পারতো। আমরা দ্রুত এটার ব্যবস্থা নেয়ার জন্য মালিককে বলেছি। আমরা যেখানেই দুর্ঘটনার খবর পাই ছুটে গিয়ে উদ্ধার করি। মানুষের পাশাপাশি কোনো পশু-পাখিও বিপদে পড়লে তাদেরও সহযোগিতা করার চেষ্টা করি।