ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর স্বীকৃতি পেতে বিষের বোতল নিয়ে অবস্থান গৃহিণীর

মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশিত: ১৯:০৩, ২৭ এপ্রিল ২০২৩
স্ত্রীর স্বীকৃতি পেতে বিষের বোতল নিয়ে অবস্থান গৃহিণীর
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে এক গৃহিণী (৩০) সামাজিকভাবে স্ত্রীর স্বীকৃতি পেতে বিষের বোতল হাতে নিয়ে কথিত স্বামীর বাড়ির সামনে গিয়ে বিষ পানের হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টা পর্যন্ত কথিত স্বামী জিয়াউর রহমানের বাড়ির সামনে অবস্থান করেন ওই নারী। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে একই গ্রামের তার বাবা আলমগীর শেখের বাড়িতে পৌঁছে দেন স্থানীয় লোকজন।

ওই গৃহিণী জানান, প্রায় ৮ বছর আগে থেকে দূর সম্পর্কের মামাতো ভাই একই গ্রামের জিয়াউর রহমান হাওলাদারের সঙ্গে তার প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে খুলনার নিরালা এলাকায় তাদের বিয়ে হয়। পরে সেখানে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতেন। এরপরে দুবাই চলে যান ওই নারী। দুবাই থেকে স্বামী জিয়াউর রহমানের নিকট বিভিন্ন সময় ১০ লাখ টাকা পাঠান। ২০২১ সালে দেশে ফিরেও কিছুদিন সংসার করেন তারা। জিয়াউর রহমান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওমরাহ হজ করে দেশে ফেরার পর ওই গৃহিণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

Advertisement

হোগলাবুনিয়া ইউপি চেয়ারম্যান আকরামুজ্জামান জানান, ওই গৃহিণীর অভিযোগ পেয়ে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল ধার্যকৃত তারিখ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং প্রতারণামূলক। একই গ্রামের হওয়ায় তাকে আমি চিনতাম। ফোনে কয়েকবার কথা হয়েছে। পরে আর কিছু হয়নি। তার সঙ্গে কখনো খুলনায় বাসাভাড়া নিয়ে থাকিনি।

এ সম্পর্কে উপজেলা ইউএনও এসএম তারেক সুলতান বলেন, খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তাদেরকে পাঠিয়ে ওই নারিকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনা হয়েছে। মহিলা বিষয়ক অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি নিষ্পত্তির জন্য।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!