দুর্বৃত্তের দেওয়া আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই
নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের স্বপ্ন। বাড়ির পাশে পালা দিয়ে রাখা পাকা ধানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ধান পুড়ে যায় ২ কৃষকের। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চৌজা গ্রামের মৃত শেফাতুল্লাহ ছেলে ওসমান (৪৫) দুই বিঘা জমির ধান ও একই গ্রামের আব্দুল সামাদের ছেলে রফিকুল ইসলামের (৪০) আড়াই বিঘা জমির ধান বুধবার জমি থেকে পাকা ধান কেটে মাড়াই করার জন্য বাড়ির পাশে পালা দিয়ে রাখেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে শক্রতা করে দুর্বৃত্তরা ধানের পালায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫ বিঘা জমির ধান। শুক্রবার সকাল থেকেই ধানের স্তুপ দেখতে ভিড় করেন স্থানীয়রা।
কৃষক ওসমান আলী বলেন, সারাদিন ধানের কাজ শেষে রাত ১২টায় ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ৪টার দিকে মানুষের চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখতে পাই, কে বা কারা আমার ও আমার ভাতিজার ধানের পালায় আগুল লাগিয়ে দিয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।
মান্দা থানার ওসি নূর-এ- আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।