ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলশিক্ষককে গুলি করে হত্যায় অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৫ মে ২০২৩
স্কুলশিক্ষককে গুলি করে হত্যায় অস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমান মুকুকে (৪৭) হত্যার ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান (১৬), আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার (১৯), ইন্দ্রজিৎ সরকারের ছেলে রামপ্রাসাদ সরকার, অজিৎ সরকারের ছেলে বিজয় সরকার (১৮) ও অরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার (১৮)।

Advertisement

পুলিশ সুপার জানান, মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে তার সারের ব্যবসা ছিল। গত রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে সারের দোকানের হালখাতা শেষ করে ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। পথিমধ্যে বলাই বিশ্বাসের বাড়ির সামনে রাস্তা ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমলে আগে থেকেই ওত পেতে থাকা ৮/১০ জন ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে গতিরোধ করে।

পরে ছিনতাইকারীরা তার নিকট টাকা না পেয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মিজানুরের মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ মো. সাইদুর রহমান, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!