রোববার সকালে উপজেলার মির্জানগর ইউপির মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
নিহতেরে পুত্রবধূ হাওয়া বেগম বলেন, ৪ বছর আগে আমার বিয়ে হয়েছে। আমার শ্বশুর ও সৎ শাশুড়ির অত্যাচারে আমি সব থেকে বেশি সময় বাপের বাড়িতে কাটিয়েছি। আমাদের বিষয় নিয়ে প্রায়ই আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো। পরে আজ আমার স্বামী দা দিয়ে কুপিয়ে আমার শ্বশুরকে হত্যা করে।
.png)
তিনি আরো বলেন, আমি বিয়ের পর দেখতাম তিনি মাদক সেবন করতেন। কিন্তু আজ ১১ মাস ধরে তিনি কোনো মাদক সেবনের সঙ্গে জড়িত নেই।
মির্জানগর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোমেন মিয়া বলেন, বাবাকে হত্যার পর নিজেই ৯৯৯ এ কল করে পুলিশকে জানান ইয়াসিন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে যায়।
রায়পুরা থানার উপপরিদর্শক নবী হোসেন বলেন, দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শাশুড়িকে থানায় নেয়া হয়েছে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চারটা জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।