ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ৫ আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৭ মে ২০২৩
বাগেরহাটে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ৫ আসামি গ্রেফতার
প্রেস ব্রিফিং -ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলায় গোলাম সুকরানা রব্বানী ওরফে আজাদ বালির বাড়িতে ডাকাতি হওয়ার মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনার মো. সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল, বানগাতী-মেটেপোল এলাকার মো. কামাল গাজী, নাজিরঘাট এলাকার সুমন ওরফে রানা শেখ, আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী এবং বাগেরহাটের কচুয়া উপজেলার প্রদীপ কুমার স্বর্ণকার। এদের মধ্যে সোহেল শেখ ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয় পুলিশের কাছে স্বীকার করেছেন।

রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এর আগে শনিবার রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের থেকে ডাকাতি করা একটি স্বর্ণের চেইন, একটি আংটি, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি রেঞ্জ ও একটি কাটার উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, ঘটনার পর থেকে জেলা পুলিশের কয়েকটি দল ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ করছিল। সেই ধারাবাহিকতায় মো. সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল শেখকে গ্রেফতার করা হয়। সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী অন্য আসামিদের গ্রেফতার করা হয়েছে। খুব শিগগিরই এ ডাকাতির সঙ্গে অন্য যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!