বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে প্রাণ গেল ঘুমিয়ে থাকা শিশুর
নরসিংদীর রায়পুরা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে দশ বছরের শিশু হামিম মিয়ার মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যায় চারটি ঘরসহ আসবাবপত্র। মঙ্গলবার বিকেলে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউপির ভেলুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু হামিম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল।
শ্রীনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাপ্পি কবিরাজ এ তথ্য নিশ্চিত করেন।
.png)
এসআই বাপ্পি কবিরাজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। ধান কাটার মৌসুম হওয়ায় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে আগুন দেখে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় আসবাবপত্রের নিচ থেকে শিশুর দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। আগুনের ঘটনায় ওই বাড়ির চারটি টিনের ঘরও পুড়ে গেছে।
রায়পুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সজল হোসেন বলেন, ৯৯৯ থেকে কল দিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে জানানো হয় ভেলুয়ারচর এলাকায় আগুন লেগেছে। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সঙ্গে সঙ্গেই জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।