বুধবার দুপুরে কেদারপুর ইউনিয়নের চাকধ গ্রামে ইতালি প্রবাসী দেলোয়ার সরদারের পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিশুরা হলো- ১১ বছরের নুসরাত ও ১৩ বছরের জিসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে আম কুড়াতে গিয়ে কবরস্থানের পাশে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হন। এ সময় ককটেলের বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠান।
.png)
আহত শিশুর স্বজনরা জানান, বুধবার দুপুরে ইতালি প্রবাসী দেলোয়ার সরদারের বাড়িতে নুসরাত ও জিসান সেখানে আম কুড়াতে যান। এ সময় কবরস্থানের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল দেখতে পায়। পরে না বুঝে ধরলে একটি ককটেল বিস্ফোরিত হয়ে তারা গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। শুনেছি আহত দুই শিশু ঢাকায় চিকিৎসাধীন। ঘটনাটি খতিয়ে দেখে রহস্য উদঘাটন করা হবে।