দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় সবুজ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোর ৪ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নান্দাইল পৌরসদরের ভূঁইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, নান্দাইল ব্র্যাক অফিসের বিপরীতে অবস্থিত সরকারি খাদ্য গুদামের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। নিহত যুবক ও ট্রাক চালক ট্রাকের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সজোরে সামনের দিকে এগিয়ে যায়। ফলে সামনে দাঁড়িয়ে থাকা দু’জন ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। খাদ্য গুদামের বাউন্ডারি ওয়ালের ব্যাপক অংশ ভেঙে ট্রাকটি গুদামের ভেতরে ঢুকে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে সবুজ মারা যান। ট্রাকচালক চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি শম্ভুগঞ্জ এলাকায় আটক রয়েছে বলে জানতে পেরেছি।