ডেকে নিয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, সেই শিক্ষক গ্রেফতার
নরসিংদীর বেলাবতে খালি বাসায় ডেকে নিয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানির মামলায় মুক্তার হোসেন নামে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্টান্ডে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
জানা যায়, উপজেলার খামারের চর এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ওই স্কুলের এক সাবেক ছাত্রী ও বর্তমানে কলেজছাত্রীকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার খালি বাসায় ডেকে নেন। পরে সেখানে বিভিন্ন প্রলোভন দিয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনাটি গোপনে মোবাইলে অডিও রেকর্ড করে রাখেন ঐ ছাত্রী। প্রধান শিক্ষকের এসব অশোভন ঘটনা ম্যাসেঞ্জারে অন্যদের জানানোর স্ক্রীনসটসহ সোমবার রাতে প্রধান শিক্ষকের ছবিসহ ঐ অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়ার পর এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা তদন্ত করে ঘটনার বিচারের আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় শিক্ষার্থীরা।