বুধবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে হামলার শিকার হন আলিফ। পরে তাকে রক্তাক্ত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
হামলার শিকার আলিফ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা শিবরাম গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি এ বছর দাইন্যা বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় থেকে (মানবিক বিভাগ) এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
.png)
এ ঘটনায় আহত শিক্ষার্থী আলিফ বাদী হয়ে টাঙ্গাইল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাকরাইল বটতলা পাশ্ববর্তী এলাকার বেলাল হোসেনের ছেলে আমিনুর রহমানসহ অজ্ঞাত ১২ থেকে ১৩ জনের নামে কাগমারী পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন।
বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বলেন, হামলাকারী আমিনুর রহমান এর আগেও আমার স্কুলের সামনে এসে দলবল নিয়ে গ্যাদারিং করত। স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে এসে বিড়ি-সিগারেট খেয়ে স্কুলের পরিবেশ নষ্ট করত ও ছাত্রীদের উত্ত্যক্ত করত। পরে শিক্ষকরা মিলে ওই কিশোর গ্যাংকে পুলিশে সোপর্দ করি।
তিনি আরো বলেন, বুধবার এসএসসি পরীক্ষা শেষে আমার এক শিক্ষার্থীকে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেছে। এ অবস্থায় ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষাগুলো দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ শাহীনুর রহমান জানান, এ ঘটনায় আলিফ নামে এক এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।