ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১ দিন পর খালে ভেসে উঠল যুবকের লাশ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৯ মে ২০২৩
নিখোঁজের ১ দিন পর খালে ভেসে উঠল যুবকের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১ দিন পর খালে ভেসে উঠল যুবকের লাশ। উদ্ধার হওয়া যুবক মো. রাসেল বরগুনা পৌরশহরের চরকলোনী সিরাজ উদ্দিন সড়ক এলাকায় মৃত সেকান্দার আলী শিকদারের ছেলে। 

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খাকদোন নদীর তীরের চরকলোনী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মাছ ধরতে খাকদোন নদীতে যায় রাসেল। সন্ধ্যার পরেও বাসায় না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

Advertisement

শুক্রবার সকালে পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খাকদোন নদীতে উদ্ধার অভিযান চালায়। ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। এরপর আজ সন্ধ্যা ছয়টার দিকে চরকলোনীর মাহতাব হোসেন মোল্লার বাসার সামনে রাসেলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে। 

ফায়ার সার্ভিস বরগুনার উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে খাকদোন নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। বিকেলের দিকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, গতকাল এক যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। আজ তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!