শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মুন্তাছের বিল্লাহ। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিকুর।
নিহত আশিকুর উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর রেল কলোনির তফিল উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। আটককৃত আতিকুর রহমান একই উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা।
.png)
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করেন হরিশ্বর ও নিজপাড়া গ্রামের ছেলেরা। ওই খেলা নিয়ে আতিকুর ও আশিকুরের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় আতিকুর ও আশিকুর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশিকুর গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান আশিকুর।
কাউনিয়া থানার ওসি মুন্তাছের বিল্লাহ জানান, শুক্রবার রাতে এ ঘটনায় কলেজছাত্র আশিকুর নিহত হয়েছেন। এ ঘটনায় আতিকুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।