বিয়ের ২৩ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
জামালপুরের সরিষাবাড়িতে সাদিয়া আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঐ দিন ভোরের দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়ার ভুঁইঞাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। এ ঘটনায় সন্দেহজনকভাবে নববধূর স্বামী রায়হান মিয়াকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, সরিষাবাড়ি পৌরসভার কোনাবাড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলে রায়হানের সঙ্গে গত ২৭ এপ্রিল সাদিয়া আক্তারের বিয়ে হয়। এরই মধ্যে তার এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতে থাকতেন। শুক্রবার বিকেলে স্বামী রায়হানসহ শ্বশুরবাড়ির লোকজন সাদিয়ার বাড়িতে বেড়াতে যান। রাতে স্বামী-স্ত্রী এক ঘরে ঘুমান। শনিবার ভোরের দিকে রায়হানের চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে দেখেন, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার লাশ পড়ে আছে।
.png)
সরিষাবাড়ি থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।