ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উদ্ধার হওয়া ১০৮ সুন্দি কাছিম অবমুক্ত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২০ মে ২০২৩
উদ্ধার হওয়া ১০৮ সুন্দি কাছিম অবমুক্ত
উদ্ধার হওয়া ১০৮ সুন্দি কাছিম অবমুক্ত -ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে অভিযান চালিয়ে ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো ইকোপার্ক ও নদীতে অবমুক্ত করা হয়। এ সময় কনক চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লক্ষীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা।

শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক মোড় থেকে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, ফেনী মডেল থানার বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এক ব্যক্তি তিনটি ক্যারেটে করে সুন্দি কাছিমগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় ১০৮টি (৮০ কেজি) সুন্দি কাছিমসহ কনক চন্দ্র দাসকে আটক করা হয়। উদ্ধারকৃত কাছিমগুলো শনিবার দুপুরে কাজিরবাগ ইকোপার্ক ও কালিদাস পাখালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

বন অধিদফতরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা জানান, সুন্দি কাছিম স্থানীয়ভাবে 'চিতি কাছিম' নামেও পরিচিত। দুই থেকে তিন দশক আগেও দেশের নদী, খাল, বিল, হাওর ইত্যাদি জলাশয়ে প্রচুর সুন্দি কাছিম দেখা যেত। তবে বাসস্থান ধ্বংস ও ক্রমাগত শিকারের কারণে এই জলজ প্রাণীটি হারিয়ে যেতে বসেছে।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, প্রাণীটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী সংরক্ষিত। তাই সুন্দি কাছিম হত্যা বা এর ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!