বখাটে ছেলের ঘুষিতে নাক ফাটলো মায়ের
ফরিদপুরের নগরকান্দায় গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে ঘুষি মেরে মা লিপি বেগমের নাক ফাটিয়ে দিলেন বখাটে ছেলে মো. মিঠুন খান। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে বোন মিলাকেও মারধর করেন তিনি।
শনিবার দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত লিপি বেগম ওই গ্রামের মৃত মিলন খানের স্ত্রী।
ছেছের মারধরে আহত লিপি বেগম বলেন, শনিবার দুপুরে বেহগনি গাছ কাটা নিয়ে বড় ছেলে মিঠুন খানের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে মিঠুন আমাকে মারধর করে ও ঘুষি মেরে আমার নাক ফাটিয়ে দেয়। এতে নাক দিয়ে অনেক রক্ত বের হয়।
.png)
তিনি আরো বলেন, আমাকে বাঁচাতে মেয়ে মিলা আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করে মিঠুন। পরে রক্তাক্ত অবস্থায় আমার মেয়ে আমাকে স্থানীয় তালমা বাজারে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে এনে রাখে। কিন্তু নাকে প্রচন্ড ব্যথা, সহ্য করতে পারছি না।
বোন মিলা আক্তার বলেন, বাবা মারা গেলেন। আমরা দুই ভাই দুই বোন। ছোট ভাই রিপন খান কলেজে পড়ে। বড় ভাই মিঠুন নেশাখোর। বাবার সব সম্পত্তি সে একাই ভোগ করে। আমাদের কিছুই ভোগ করতে দেন না। আজ মাকে মারধর করার সময় আমি ঠেকাতে গেলে আমাকেও চুল ধরে চর-থাপ্পড় মারে।
তিনি আরো বলেন, নেশাখোর ভাইকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্ত মিঠুন খান বলেন, আমি মাকে মারধর করিনি। শুধু বোনকে মেরেছি। আমার বিরুদ্ধে মিথ্যা মারধরের নাটক করছেন মা।
নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনার অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।