ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মা-ছেলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২২ মে ২০২৩
মা-ছেলের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণের অভিযোগ
অভিযুক্ত মো. তোহা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে মা-ছেলে মিলে ১৪ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীকে ফিল্মি স্টাইলে  রাস্তা থেকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বড়ইয়া ইউপির উত্তমপুর এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা লাইজু বেগম বাদী হয়ে মা-ছেলের বিরুদ্ধে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন উপজেলার শুক্তাগড় এলাকার মো. শামীম হাওলাদারের ছেলে মো. তোহা ও তার মা মাহিনুর বেগম। স্কুলছাত্রী উপজেলার শুক্তাগড় ইউপির মো. বেল্লাল হাওলাদারের মেয়ে ও শুক্তগড় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, উপজেলার শুক্তাগড় এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. বেল্লাল হাওলাদারের মেয়েকে স্কুল আসা-যাওয়ার সময় একই এলাকার তোহা কুপ্রস্তাব দিয়ে আসছিল। তোহার ভয়ে মেয়েকে নিয়ে তার মা লাইজু বেগম বড়ইয়া ইউপির ভাতকাঠি গ্রামে নানার বাড়িতে থাকতেন।

রোববার বিকেলে উত্তমপুর বাজারে পল্লী চিকিৎসক দেখিয়ে নানা সোহরাব সিকদারের সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন স্কুলছাত্রী। উত্তমপুর এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন ইজিবাইক থামিয়ে নানাকে মারধর করে তোহা ও তার মা মাহিনুর বেগম ঐ স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

লাবনির মা লাইজু বেগম জানান, তার মেয়েকে এর আগেও একবার তোহা অপহরণ করে নেয়। পরে পালিয়ে আসে। যার মামলা এখনও চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শী রাহেলা বেগম ও রায়হান জানান, রাস্তায় গাড়ি থামিয়ে নানাকে মারধর করে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ সময় মেয়েটি চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।

অভিযুক্ত মাহিনুর বেগম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, ঐ মেয়ে তুলে নেয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। এখন তারা কোথায় আছে তাও জানি না।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!