আবজাল হত্যাকাণ্ডের মূল হোতা রাজু গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লার আবজাল হত্যাকাণ্ডের মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী রাজু প্রধানকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ি থানার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু প্রধান ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার প্রধান বাড়ির রিয়াজ প্রধানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।
র্যাব জানায়, নিহত আবজাল প্রধান একজন সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। গ্রেফতারকৃত আসামিদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল তার। গত ৬ এপ্রিল আবজাল প্রধান প্রতিদিনের ন্যায় ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেওভোগ মাদরাসা মার্কেট সংলগ্ন হাসেমবাগ যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামির ১৫-১৬ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল আবজালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত ও অঙ্গহানী করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আবজালকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবজালের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকে এজাহারনামীয় আসামিরা পলাতক থাকেন। এরই প্রেক্ষিতে র্যাব-১১ পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুসন্ধান শুরু করে। আসামি রাজু প্রধানকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আফজাল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেন।
র্যাব আরো জানায়, আসামি রাজু প্রধানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দুইটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, তিনিটি ডাকাতি মামলা, ১০টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের মোট ২৩টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে জেলার ফতুল্লা থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।