ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২৬ মে ২০২৩
ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঝড়ে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে কাজুলী (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে কালিহাতী পৌরসভার সালেংকা চকপাড়া শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাজুলী একই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় কাজুলীর পরিবারের সদস্যরা ঘরেই ছিলেন। রাত ১০টার দিকে ঘরের পাশের একটি গাছ তাদের ঘরের উপর উপড়ে পড়ে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে দেখেন পরিবারের অন্য সদস্যরা রক্ষা পেলেও কাজুলী গাছচাপায় মারা গেছেন।

Advertisement

এ ঝড়ে ঐ গ্রামের আশরাফ, স্বপন, শমসের, শংকর, হুমেরা, মজনুসহ আরো ১০ থেকে ১২ জনের ঘর ভেঙে গেছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নাজিম উদ্দিন মোড়ল জানান, রাত সাড়ে ১০টায় খবর পাওয়া যায় সালেংকা চকপাড়া শ্মশান ঘাট এলাকায় ঘরের ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা লাশ গাছের নিচ থেকে বের করতে পারছেন না- এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ইউক্যালিপটাস গাছের নিচ থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের দুইটি ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের আনুমানিক দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

মৃত নারীর পরিবারকে তাৎক্ষণিক টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন জানান, মৃত নারীর পরিবারকে পরবর্তীতে পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!