ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যায় ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৩০ মে ২০২৩
মেহেরপুরে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যায় ১০ বছরের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মাহিন হত্যা মামলায় তার বন্ধু মো. হাজ্জাজ বিন মানিককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় তার মা হিরাজানকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার সময় মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার এ রায় প্রদান করেন।

দণ্ডিত মো. হাজ্জাজ বিন মানিক মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আব্দুস সালামের ছেলে।

Advertisement

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় গ্রামের মাঠে ক্রিকেট খেলার সময় মাহিনের ব্যাটে মো. হাজ্জাজ বিন মানিকের সামান্য আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে মানিক তার বন্ধু মাহিনের ব্যাট কেড়ে নিয়ে মাথায় আঘাত করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়া মেডিকেলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। অবশেষে ৭ দিন চিকিৎসার পর ১৬ ফেব্রুয়ারি মারা যায় মাহিন।

এ ঘটনায় নিহত মাহিনের মামা মাহাবুব হোসেন বাদী হয়ে মো. হাজ্জাজ বিন মানিক ও তার মা হিরাজানকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এসআই মেজবাহ উর দারাইন দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশিট প্রদান করেন। মামলাটি পরে সিআইডি তদন্ত শেষ করে সিআইডির এসআই হাসান ইমাম চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী ও সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী শহিদুল হক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!