অবশেষে নিরুপায় হয়ে মাদকসেবী নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে ইউএনওর শরণাপন্ন হয়েছেন মা রাশেদা বেগম।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া গ্রামের শফিকুল হকের ছেলে শামিম মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ইউএনও।
.png)
শামিমের বড় ভাই মামুনুর রশিদ জানান, গতকাল সে মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি করেছে, এক বছর তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে মাদক সেবনরত অবস্থায় মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইউএনও। এ সময় শামিমের মা ও ভাই উপস্থিত ছিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও কামরুন্নাহার শেফা জানান, অভিযোগের সত্যতা পেয়ে সেই যুবককে শাস্তির আওতায় নিয়ে এসেছি, আশা করি সে সংশোধন হবে, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় মডেল থানার এসআই জুয়েল বর্মনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।