ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির জন্য গুলি করে হত্যা:  ১৭ বছর পর গ্রেফতার পিন্টু 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১ জুন ২০২৩
চাকরির জন্য গুলি করে হত্যা:  ১৭ বছর পর গ্রেফতার পিন্টু 
গ্রেফতারকৃত আসাদুজ্জামান খান পিন্টু। ছবি: ডেইলি বাংলাদেশ

বিদ্যালয়ের দপ্তরি পদে চাকরি নেয়াকে কেন্দ্র করে গুলি করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান খান পিন্টুকে ১৭ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার রাতে ফেনীর সোনাগাজী থেকে তাকে গ্রেফতার করা হয়।  

র‍্যাব জানায়, ভিকটিম নিহত মাহবুবুল হক ফেনীর সোনাগাজী থানাধীন সাইবার হাট আলহাজ শফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১৯৯৬ সাল থেকে দপ্তরি পদে চাকরি করতেন। পরে ভিকটিমের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়। প্রতিপক্ষ ভিকটিমকে এই চাকরি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

ভিকটিম চাকরি ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করলে ২০০২ সালের ২২ এপ্রিল বিদ্যালয়ের মাঠের পূর্বপার্শ্বে সন্ত্রাসীরা গুলি ও ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ঘটনায় ফেনীর সোনাগাজী থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন ভিকটিমের স্ত্রী সুলতানা রাজিয়া।

Advertisement

পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হয়। বিচারকার্য চলাকালে মামলার অন্যতম প্রধান আসামি আসাদুজ্জামান খান পিন্টু আদালত থেকে জামিন নিয়ে ২০০৬ সাল হতে আত্মগোপনে চলে যান। এই মামলায় ২০১১ সালে ভিকটিম মাহবুবুল হককে হত্যার দায়ে আসামি আসাদুজ্জামান খানসহ পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। 
 
ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতার পিন্টুকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!