ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ গেল নারীর
জয়পুরহাটের কালাইয়ে কৃষি জমি থেকে ধানের খড় আনতে গিয়ে ঝড়ের সময় ইউক্যালপিটাস গাছের ডাল ভেঙে পড়ে আছিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার মাত্রাই ইউপির মদনাহার আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী মাত্রাই ইউপির মদনাহার আদর্শ গ্রামের মো. মোফাজ্জল হোসেনের স্ত্রী। তিনি একজন গৃহিণী। কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন তথ্য নিশ্চিত করেছেন।
.png)
এলাকাবাসী জানান, মদনাহার আদর্শ গ্রামের আছিয়া বেগম কৃষি জমিতে ধানের খর কেটে রাখে রৌদে শুকানোর জন্য। হঠাৎ করে রোববার বিকেলে আকাশ মেঘাছন্ন হয়ে আসলে আছিয়া বেগম ধানের খড় আনতে কৃষি জমিতে যায়। একটু পরেই ঝড় বৃষ্টি হলে আছিয়া বেগম দৌড়ে গিয়ে ইউক্যালপিটাস গাছের নিচে আশ্রয় নেন। প্রচণ্ড ঝড়ে ইউক্যালপিটাস গাছের ডাল ভেঙে তার মাথায় পড়লে গুরুত্বর আহত হন। স্থানীয় প্রতিবেশিরা গাছ ভাঙার শব্দ পেয়ে বাড়ির বাইরে এসে দেখে গাছের নিচে একটি নারী পড়ে আছেন।
আহতাবস্থায় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, মাত্রাই ইউনিয়নে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে আছিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।